অনলাইন ডেস্ক
প্রকাশ : Oct 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিশুদের নিরাপদ শৈশব নিশ্চিত করা সরকারের সুদৃঢ় অঙ্গীকার: প্রধানমন্ত্রী

দেশের প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত শৈশব, আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষা, সর্বজনীন স্বাস্থ্যসেবা, পর্যাপ্ত পুষ্টি এবং খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার সুযোগ নিশ্চিত করা সরকারের অঙ্গীকার বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিশুর জন্য নিরাপদ ও ঝুঁকিমুক্ত শৈশব নিশ্চিত করার পাশাপাশি নৈতিক, আধুনিক ও বিজ্ঞানসম্মত শিক্ষা, সর্বজনীন স্বাস্থ্যসেবা, পর্যাপ্ত পুষ্টি এবং খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চার মুক্ত পরিবেশ নিশ্চিত করা বর্তমান সরকারের সুদৃঢ় অঙ্গীকার।

আগামীকাল মঙ্গলবার শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে সোমবার দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

বাণীতে তিনি জানান, বাংলাদেশের স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ১৯৭৬ সালে বাংলাদেশ শিশু একাডেমি প্রতিষ্ঠা করেন। ২০২৬ সালের অক্টোবর মাসে প্রতিষ্ঠানটির ৫০ বছর পূর্ণ হয়েছে। এ উপলক্ষে আগামী ৬ থেকে ৮ অক্টোবর তিন দিনব্যাপী বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী ও শিশু অধিকার দিবস-২০২৬ উদযাপন করা হবে।

প্রধানমন্ত্রী বলেন, একটি সুসংগঠিত ও সমৃদ্ধ সমাজ গড়ে তুলতে শিশুদের সার্বিক বিকাশ অপরিহার্য। তবে শিশুশ্রম, সামাজিক সহিংসতা, বাল্যবিয়ে ও বৈষম্যের মতো চ্যালেঞ্জ এখনো রয়েছে। এসব সামাজিক ব্যাধি দূর করতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

তিনি বলেন, প্রতিটি শিশু একেকটি ফুল এবং আগামী দিনের স্বপ্ন ও সম্ভাবনার প্রতীক। আজকের শিশুর মধ্যেই আগামী দিনের পথপ্রদর্শক, অভিভাবক, শিক্ষক, বিজ্ঞানী কিংবা দেশের চালিকাশক্তি হয়ে ওঠার সম্ভাবনা রয়েছে। তাই সঠিক যত্ন, স্নেহ ও শিক্ষার মাধ্যমে শিশুদের গড়ে তোলা সবার পবিত্র দায়িত্ব।

তারেক রহমান আরও বলেন, নিষ্পাপ শিশুদের হাসিমাখা মুখই নতুন বাংলাদেশের আশা ও অসীম সম্ভাবনার প্রতীক। প্রতিটি শিশুর সুপ্ত প্রতিভা ও সৃজনশীলতা বিকশিত হওয়ার উপযোগী পরিবেশ তৈরি করা নৈতিক, সামাজিক ও জাতীয় দায়িত্ব।

শিশুদের কল্যাণ ও তাদের সুপ্ত প্রতিভার বিকাশে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় প্রতিষ্ঠিত বাংলাদেশ শিশু একাডেমি ১৯৭৮ সাল থেকে ‘জাতীয় শিশু পুরস্কার’ প্রতিযোগিতা চালু করেছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

শিশুদের নিরাপদে বেড়ে ওঠা এবং তাদের স্বার্থ সুরক্ষায় সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়াও বিভিন্ন পদক্ষেপ নিয়েছিলেন বলে উল্লেখ করেন তারেক রহমান। তিনি বলেন, শিশুশ্রম নিরসনে ১৯৯৪ সালে আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) আইপিইসি প্রকল্পে বাংলাদেশের অংশগ্রহণ এবং শিশুদের প্রাতিষ্ঠানিক সুরক্ষায় বেগম খালেদা জিয়ার ভূমিকা অনন্য।

প্রধানমন্ত্রী বলেন, বিজ্ঞান, প্রযুক্তি, ক্রীড়া, শিল্প-সাহিত্যসহ বিভিন্ন ক্ষেত্রে আজকের শিশুরাই আগামী দিনে বাংলাদেশকে বিশ্বদরবারে নতুন উচ্চতায় নিয়ে যাবে।

তিনি বলেন, শিশু অধিকার দিবস উদযাপনের পাশাপাশি বাংলাদেশ শিশু একাডেমির গৌরবময় সুবর্ণজয়ন্তীও পালিত হচ্ছে। শিশুদের সুপ্ত প্রতিভা বিকাশের প্রধান বাতিঘর শিশু একাডেমির অর্ধশতকের এই অভিযাত্রা লাখো শিশুর কণ্ঠে সুরের ঝরনা, তুলির আঁচড়ে রঙের মেলা এবং চোখে রঙিন ভবিষ্যতের স্বপ্নের প্রতীক।

প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, বাংলাদেশ শিশু একাডেমির সুবর্ণজয়ন্তী নতুন স্বপ্নে জাগ্রত হওয়ার পাশাপাশি নতুন মানবিক অভিযাত্রার পথপ্রদর্শক হবে। শিশুর নির্মল হাসি, সুপ্ত স্বপ্ন ও সাফল্যের মধ্য দিয়ে আগামী দিনের নিরাপদ, সুন্দর ও স্বনির্ভর বাংলাদেশ গড়ে উঠবে।

শিশু অধিকার দিবস উপলক্ষে দেশের সব শিশু, অভিভাবক, শিক্ষক এবং শিশুকল্যাণে নিয়োজিত ব্যক্তি ও সংস্থাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী।

একই সঙ্গে শিশু অধিকার দিবস ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সব কর্মসূচির সর্বাঙ্গীণ সাফল্য কামনা করেন তিনি।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নোয়াখালীতে প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় কিশোরীকে ধর্ষণের

1

ঠাকুরগাঁওয়ে হাইড্রোলিক হর্ন ব্যবহারে জরিমানা, জব্দ ৪টি

2

নির্বাচিত সরকারকে বিপদে ফেলতে ছক করে গেছে অন্তর্বর্তী সরকার

3

বিশ্বকাপ উন্মাদনায় সংঘর্ষ ঠেকাতে বড় স্ক্রিনে পুলিশের কড়া নজর

4

কৃষি গবেষণায় বিনিয়োগ ও বিজ্ঞানীদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্ব

5

সেসিপ-এসইএসডিপি প্রকল্পে ৮ কোটি টাকা চাঁদা সংগ্রহের অভিযোগ,

6

জনগণের আস্থা ধরে রাখাই বিএনপির বড় চ্যালেঞ্জ: রিজভী

7

রাবিতে সাংবাদিকদের মারধর: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

8

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে গভীর রাতে খালি গায়ে অফিস, প্রধা

9

বিদেশি কোম্পানিকে বন্দর ইজারা না দেওয়ার দাবি গণতান্ত্রিক বাম

10

এক বছরের মধ্যে পুঁজিবাজারের চেহারা পাল্টে যাবে: অর্থমন্ত্রী

11

সাংবাদিক মাহবুব আলম লাবলুকে হয়রানির নিন্দায় ডিআরইউ

12

২০২৮ সালের শুরুতে হবে অলিম্পিক ক্রিকেটের বাছাইপর্ব

13

রোহিঙ্গা প্রত্যাবাসনে তারেক রহমানের পাঁচ প্রস্তাব

14

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ব্যান্ডেজ-টেপ সংকট, ভোগান্তিতে

15

ফুলবাড়ীতে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে র‍্যালি, পোনা অবমুক্ত ও ক

16

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে শান্তিপূর্ণ ভোট, মাঠে কঠোর নিরাপত্তা

17

গুজব-অপতথ্য রোধে তথ্য যাচাই জরুরি: লায়ন গনি মিয়া বাবুল

18

বিয়ের অনুষ্ঠানে ক্ষেপণাস্ত্র হামলা, যুক্তরাষ্ট্রকে ‘মহাশয়তান

19

জনআস্থা ও পেশাদারিত্ব বজায় রেখে দায়িত্ব পালনের আহ্বান রাষ্ট্

20