অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 7, 2026 ইং
অনলাইন সংস্করণ

কোনো ষড়যন্ত্র গণতন্ত্রকামী মানুষকে দমাতে পারবে না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের গণতন্ত্রকামী মানুষকে কোনো ষড়যন্ত্রের মাধ্যমে দমিয়ে রাখা সম্ভব নয়। দেশের ভেতরে ও বাইরে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে দাঁতভাঙা জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।


প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কোনো ষড়যন্ত্রই দেশের গণতন্ত্রকামী জনগণকে দমিয়ে রাখতে পারবে না। দেশের ভেতরে ও বাইরে আবারও ষড়যন্ত্র শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো এসব ষড়যন্ত্রের দাঁতভাঙা জবাব দেওয়া হবে।

শনিবার (৭ নভেম্বর) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত ‘সার্বভৌমত্ব’ র‌্যালির আগে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, একাত্তর, নব্বই এবং ১৯৭৫ সালের ৭ নভেম্বরের মতো আবারও ষড়যন্ত্রকারীদের জবাব দিতে চায় দেশের মানুষ। এবারের সার্বভৌমত্ব র‌্যালি সেই প্রত্যাশা পূরণের পাশাপাশি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রত্যয়ে অনুষ্ঠিত হচ্ছে।

তিনি আরও বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট দেশের মানুষ জীবন দিয়ে যে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে, ৭ নভেম্বরের কর্মসূচি সেই গণতন্ত্র রক্ষার অঙ্গীকারের দিন হয়ে উঠুক।

সমাবেশে উপস্থিত হাজার হাজার নেতা-কর্মীর উদ্দেশে প্রধানমন্ত্রী প্রশ্ন রাখেন, ‘আপনারা কি আমাদের সঙ্গে আছেন?’ এ সময় নেতা-কর্মী ও সমর্থকেরা করতালির মাধ্যমে তাঁর বক্তব্যের প্রতি সমর্থন জানান।

বিকেল ৩টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে নির্মিত অস্থায়ী মঞ্চে ওঠেন প্রধানমন্ত্রী। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমির খসরু মাহমুদ চৌধুরী, সালাহউদ্দিন আহমদ, ডা. এ জেড এম জাহিদ হোসেন এবং দলের ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীসহ অন্য নেতারা।

দুপুর ১২টা থেকেই ছোট ছোট মিছিল নিয়ে নেতা-কর্মীরা নয়াপল্টনে জড়ো হতে থাকেন। হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থকের উপস্থিতিতে কাকরাইল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত পুরো এলাকা জনসমুদ্রে পরিণত হয়।

এ সময় নেতা-কর্মীদের হাতে বাংলাদেশের লাল-সবুজ পতাকা এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, মরহুমা বেগম খালেদা জিয়া ও প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি সংবলিত প্ল্যাকার্ড দেখা যায়। বিভিন্ন রঙের টুপি ও গেঞ্জি পরে তাঁরা র‌্যালিতে অংশ নেন।

দেশবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, দেশের অভ্যন্তরে এবং দেশের বাইরে ষড়যন্ত্র চলছে। গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে এসব ষড়যন্ত্রের জবাব দেওয়া হবে।

তিনি বলেন, ৭ নভেম্বর জাতীয় ঐক্যের দিন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দিন। একই সঙ্গে এটি দেশের মানুষের আশা-আকাঙ্ক্ষা পূরণের দিন।

এ সময় প্রধানমন্ত্রী নিজেই স্লোগান ধরেন, ‘দিল্লি নয়, পিণ্ডি নয়, নয় অন্য কোনো দেশ। সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ।’

তারেক রহমান বলেন, বাংলাদেশের ছাত্র-জনতা শুধু স্বাধীনতা ও সার্বভৌমত্ব ফিরিয়ে আনেনি, স্বৈরাচার ও ষড়যন্ত্রকারীদেরও দেশ থেকে বিতাড়িত করেছে। ১৯৭৫ সালের ৭ নভেম্বর যেভাবে অপশক্তি পরাজিত হয়েছিল, ২০২৪ সালের ৫ আগস্টও দেশের মানুষের অংশগ্রহণ ও আন্দোলনের মধ্য দিয়ে একইভাবে সেই অপশক্তির পরাজয় ঘটেছে।

অতীতের মতো বর্তমানে একটি পক্ষ আবারও ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, তারা বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ন করতে চায় এবং ‘আমি-ডামি’ নির্বাচনের ব্যবস্থা ফিরিয়ে আনতে চায়। এমন সুযোগ আর দেওয়া হবে না।

তিনি বলেন, যে দেশের মানুষ ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ করেছে, ১৯৭৫ সালের ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লব ঘটিয়েছে এবং ২০২৪ সালে ছাত্র-জনতার গণঅভ্যুত্থান ঘটিয়েছে, ষড়যন্ত্র করে সেই দেশের মানুষকে দাবিয়ে রাখা সম্ভব নয়।

বক্তব্য শেষে প্রধানমন্ত্রী হেঁটে র‌্যালিতে যোগ দেন। এ সময় তিনি হাত উঁচিয়ে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন। বিকেল সাড়ে ৪টায় তিনি মানিক মিয়া অ্যাভিনিউতে পৌঁছে র‌্যালির সমাপনী বক্তব্য দেন।

মন্ত্রিসভার সদস্যসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা প্রধানমন্ত্রীর সঙ্গে র‌্যালিতে অংশ নেন।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে টেলিনরের বিরুদ্ধে তদন্ত

1

ঠাকুরগাঁওয়ে সাদাছড়ি পেল ১৪ শিক্ষার্থী, সমান সুযোগের আহ্বান

2

রাষ্ট্র পুনর্গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

3

এলপিজি বিক্রি বন্ধের ঘোষণায় ১২ কেজির সিলিন্ডারে ৪০০ টাকা পর্

4

পীরগঞ্জে প্রাথমিক শিক্ষায় অব্যবস্থার অভিযোগ

5

ঢাকা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় এগিয়ে সোহাগ

6

সরকারকে দোষ নয়, নানা খরচে বিপর্যস্ত: রুমিন ফারহানা

7

রাবিতে সাংবাদিকদের মারধর: ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

8

পীরগঞ্জে মাদক কারবারির মোটরসাইকেলে আগুন দিল বিক্ষুব্ধ জনতা

9

যেভাবে রাজনীতিতে সাফল্যের শীর্ষে মির্জা ফখরুল

10

পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ে এমপিও জালিয়াতির অভিযোগ, ভারপ্রা

11

সাজেকে দ্বিতীয় দফায় সড়ক অবরোধ, আগুন জ্বালিয়ে বিক্ষোভ

12

পাবনায় বিএনপি নেতাসহ দুজনকে গুলি করে হত্যা

13

ইউসিবির ডিএমডি হলেন শফিকুর রহমান ও রীদওয়ানুল হক

14

বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক উচ্চশিক্ষা টেকসই উন্নয়নের চালিকাশ

15

বিনিয়োগ, জ্বালানি ও বাণিজ্যে তিন নতুন নীতিমালার অনুমোদন

16

ঢাকা-কক্সবাজার রুটে মহানগর এক্সপ্রেসের টিকিট বিক্রি শুরু আজ

17

রান নেই–উইকেট নেই, তবু ম্যাচসেরা

18

জন্মদিন আজ: আইনজীবী থেকে জাতিসংঘের আইন কর্মকর্তা জাইমা রহমান

19

পীরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নামহীন প্রেসক্রিপশন, ওষুধ বিতরণ

20