অনলাইন ডেস্ক
প্রকাশ : Nov 6, 2026 ইং
অনলাইন সংস্করণ

ভারতের শেয়ারবাজারে বড় উত্থান, এক দিনেই বিদেশি বিনিয়োগ ১৬০ কোটি ডলার

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারে দরপতনের প্রভাবে ঘুরে দাঁড়িয়েছে ভারতের শেয়ারবাজার। বৃহস্পতিবার এক দিনেই দেশটির বাজারে প্রায় ১৬০ কোটি ডলারের নিট বিদেশি বিনিয়োগ এসেছে, যা গত প্রায় ছয় বছরের মধ্যে এক দিনে সর্বোচ্চ।


ভারতের শেয়ারবাজারে আবারও ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। বৃহস্পতিবার এক দিনেই বিদেশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা প্রায় ১৪ হাজার ৭৯৬ কোটি রুপির ভারতীয় শেয়ার কিনেছেন। স্টক এক্সচেঞ্জের প্রাথমিক তথ্য অনুযায়ী, এই বিনিয়োগের পরিমাণ প্রায় ১৬০ কোটি ডলার বা ১ দশমিক ৬ বিলিয়ন ডলার।

এর আগে ২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি এক দিনে সর্বোচ্চ ২৮ হাজার ৭৩৯ কোটি রুপির শেয়ার কেনাবেচার তথ্য পাওয়া গিয়েছিল। তবে ওই লেনদেনের বড় অংশই ছিল প্রোমোটার-নিয়ন্ত্রিত ব্লক ডিল।

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম কমে যায়। একই সময়ে বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-সংশ্লিষ্ট কোম্পানির শেয়ারে বড় ধরনের দরপতন ঘটে। এ পরিস্থিতিতে বৈশ্বিক বিনিয়োগ তহবিলগুলো তাদের বিনিয়োগ কৌশল নতুন করে সাজাতে শুরু করে।

ভারত বিশ্বের অন্যতম বৃহৎ জ্বালানি তেল আমদানিকারক দেশ। চলতি বছর আন্তর্জাতিক বাজারে তেলের উচ্চমূল্য দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে উদ্বেগ তৈরি করেছিল। এর প্রভাবে উদীয়মান অর্থনীতির অন্যান্য দেশের তুলনায় পিছিয়ে পড়ে ভারতের শেয়ারবাজার। পাশাপাশি দেশটিতে বড় আকারের এআই-কেন্দ্রিক কোম্পানির সংখ্যা তুলনামূলক কম থাকায় বিদেশি বিনিয়োগকারীদের আগ্রহও কম ছিল।

তবে জ্বালানি তেলের দাম কমে আসা এবং এআই খাতে বৈশ্বিক বিনিয়োগের কৌশল পরিবর্তনের ফলে ভারতের বাজার আবারও বিদেশি বিনিয়োগকারীদের কাছে আকর্ষণীয় হয়ে উঠেছে।

অ্যালিয়াঞ্জ গ্লোবাল ইনভেস্টরসের ইন্ডিয়া ইকুইটির প্রধান পোর্টফোলিও ম্যানেজার আনন্দ গুপ্তের মতে, কোম্পানিগুলোর আয় বৃদ্ধি, শেয়ারের মূল্য ঐতিহাসিক গড়ের নিচে থাকা এবং বিদেশি বিনিয়োগকারীদের মালিকানার হার কমে যাওয়ায় ভারতের বাজারে বিনিয়োগের ভালো সম্ভাবনা তৈরি হয়েছে।

মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফল স্পষ্ট হওয়ার আগেই বিদেশি বিনিয়োগকারীরা ভারতের শেয়ারবাজারে শেয়ার কেনা শুরু করেন। এর ধারাবাহিকতায় গত পাঁচটি লেনদেন সেশনে তারা নিট ২০ হাজার ৮৩৫ কোটি রুপির শেয়ার কিনেছেন, যার পরিমাণ প্রায় ২ দশমিক ২ বিলিয়ন ডলার।

এর আগে গত অক্টোবর পর্যন্ত বিদেশি বিনিয়োগকারীরা ভারতীয় শেয়ারবাজার থেকে রেকর্ড ৩০ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করে বিনিয়োগ তুলে নিয়েছিলেন। সাম্প্রতিক বিদেশি বিনিয়োগের প্রবাহ তাই দেশটির শেয়ারবাজারের জন্য বড় ধরনের স্বস্তি হিসেবে দেখা হচ্ছে।

বিদেশি বিনিয়োগ বৃদ্ধির প্রভাবে গত বৃহস্পতিবার ভারতের প্রধান দুই শেয়ারবাজার সূচক নিফটি ৫০ ও সেনসেক্স ২ দশমিক ৪ শতাংশ করে বেড়েছে। এতে নিফটি ৫০ সূচক দাঁড়িয়েছে ২৪ হাজার ৫৩৬ দশমিক ৬ পয়েন্টে এবং সেনসেক্স পৌঁছেছে ৭৯ হাজার ৩১০ দশমিক ০১ পয়েন্টে।

এ ছাড়া গত ছয়টি লেনদেন সেশনে সূচক দুটি ৮ শতাংশের বেশি বেড়েছে। গত এক বছরের মধ্যে এটিই সূচক দুটির দীর্ঘতম ধারাবাহিক ঊর্ধ্বমুখী প্রবণতা।

মতিলাল ওসওয়াল ফাইন্যান্সিয়াল সার্ভিসেসের ওয়েলথ ম্যানেজমেন্ট বিভাগের গবেষণা প্রধান সিদ্ধার্থ খেমকার মনে করেন, ভারতের শেয়ারবাজারে এই ইতিবাচক ধারা সামনেও অব্যাহত থাকতে পারে।

তিনি বলেন, মার্কিন মধ্যবর্তী নির্বাচনের ফলাফল, বাণিজ্য ও শুল্কনীতিতে মার্কিন প্রশাসনের পরিমিত অবস্থান, ডলারের দরপতন এবং ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি বন্ডের মুনাফার হার কমে যাওয়ায় আন্তর্জাতিক বিনিয়োগকারীদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। এর সরাসরি সুফল পাচ্ছে ভারতের শেয়ারবাজার।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

খালেদা জিয়াকে সার্বক্ষণিক চিকিৎসা দিচ্ছে লন্ডন ক্লিনিকের মেড

1

কাতারে বাংলাদেশ প্রেস ক্লাবের নতুন সভাপতি শামীম সম্পাদক সালা

2

বেকারত্ব কমাতে কারিগরি শিক্ষায় জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

3

ঠাকুরগাঁওয়ে হাইড্রোলিক হর্ন ব্যবহারে জরিমানা, জব্দ ৪টি

4

চীনে ভয়াবহ রূপ নিচ্ছে কর্মসংস্থান সংকট

5

পঞ্চগড়ে সাংবাদিকদের নিয়ে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণ কর্মশালা

6

হালান্ড-ওদেগার্ড ফিরতেই পূর্ণ শক্তির নরওয়ে, সেরা একাদশে আইভ

7

দুর্গাপূজায় ৮ দিন বন্ধ বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি

8

রাণীশংকৈলে দুর্গাপূজার প্রতিমা তৈরিতে ব্যস্ত কারিগররা

9

রাজনীতির পালাবদল হলেও বদলায় না কিশোর গ্যাংয়ের ‘বড় ভাই’ সংস্ক

10

পীরগঞ্জ পাইলট স্কুলে কোটি টাকার অনিয়মের অভিযোগ, তদন্তেও নেই

11

জাতিসংঘ অধিবেশনের উদ্বোধনী সেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান

12

হাসপাতালের ছাদ ধস: ঘটনাস্থলে এমপি

13

দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক র

14

পীরগঞ্জের ইউএনওর বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ, ‘রসিকতা’ বললেন ব

15

ফুলবাড়ীতে বাক্‌প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ, যুবক কারাগ

16

গণমাধ্যমকর্মীদের হুমকি ও লাঞ্ছিত করার অভিযোগ, সোহানী শিফার ব

17

সাংবাদিকদের দ্রুত অ্যাক্রিডিটেশন প্রদানের আহ্বান অনলাইন এডিট

18

টিকে থাকতে হলে জামায়াতের জোট ছাড়তে হবে এনসিপিকে: রাশেদ খাঁন

19

শিরোনাম: ১৩৭টি সাপ নিয়ে বিপাকে হবিগঞ্জ বন বিভাগ, অবমুক্তির স

20