ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে ১৯৭ পিস ইয়াবাসহ ইসমাইল ও পারভিন নামে এক দম্পতিকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় ১৯৭ পিস ইয়াবাসহ এক দম্পতিকে আটক করেছেন এলাকাবাসী। শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের কলিগাঁও ক্লাবমোড় এলাকায় এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন ইসমাইল ও তাঁর স্ত্রী পারভিন। স্থানীয়দের দাবি, ওই এলাকায় দীর্ঘদিন ধরে মাদক কেনাবেচার অভিযোগ ছিল। শুক্রবার তাঁদের সন্দেহজনক চলাফেরা দেখে স্থানীয় কয়েকজন আটক করেন। পরে তল্লাশি চালিয়ে তাঁদের কাছ থেকে ১৯৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন এলাকাবাসী।
এলাকাবাসীর অভিযোগ, কলিগাঁও এলাকায় মাদকের বিস্তারের কারণে তরুণ সমাজ ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ নিয়ে স্থানীয় অভিভাবকদের মধ্যেও উদ্বেগ বাড়ছিল।
তাঁরা মাদক কারবারের সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদেরও শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। আটক দম্পতিকে পরে পুলিশের কাছে সোপর্দ করা হয়।