অনলাইন ডেস্ক
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

এক বিদ্যালয়ে দুই ভারপ্রাপ্ত প্রধান, তেঁতুলিয়ায় নতুন বিতর্ক

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার ঐতিহ্যবাহী শালবাহান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ে একই সময়ে দুইজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয়জুড়ে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়েছে। আলোচনায় থাকা দুই শিক্ষকের বিরুদ্ধেই আগে থেকে বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। একজন এসএসসি পরীক্ষার খাতা সংক্রান্ত ভাইরাল ভিডিওর ঘটনায় সমালোচিত, অন্যজনের বিরুদ্ধে রয়েছে জাল বিএড সনদের মাধ্যমে অতিরিক্ত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ। অভিযোগ থাকা সত্ত্বেও এখনো তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।

সরেজমিনে জানা যায়, বিদ্যালয়ের সহকারী কৃষি শিক্ষক সোহেল রানা কয়েকদিন আগে একটি ভিডিও ভাইরাল হওয়ার পর ব্যাপক সমালোচনার মুখে পড়েন। ওই ভিডিওতে তাকে একটি কক্ষে এসএসসি পরীক্ষার খাতার অপটিক্যাল মার্ক রিকগনিশন (ওএমআর) শিটে কলম দিয়ে শূন্যস্থান পূরণ করতে দেখা যায়। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর তার বিরুদ্ধে নকল বাণিজ্য, পরীক্ষায় ফেল করিয়ে দেওয়া এবং টাকার বিনিময়ে পাস করিয়ে দেওয়ার মতো নানা অভিযোগ ওঠে।

স্থানীয়দের অভিযোগ, ওই ঘটনার পরও তার বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। বরং তাকে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুনুর রশিদের বিরুদ্ধেও ব্যাচেলর অব এডুকেশন (বিএড) সনদ জালিয়াতির মাধ্যমে অতিরিক্ত বেতন-ভাতা উত্তোলনের অভিযোগ রয়েছে। এছাড়া শিক্ষার্থীদের সঙ্গে অসদাচরণ ও মারধরের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ফলে নানা অভিযোগে অভিযুক্ত এই দুই শিক্ষককে একই পদে দায়িত্ব দেওয়ায় অভিভাবক ও স্থানীয়দের মধ্যে অসন্তোষ বাড়ছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজী বেগম গত ২৯ জুন তার শেষ কর্মদিবসে লিখিতভাবে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব সহকারী শিক্ষক মামুনুর রশিদের কাছে হস্তান্তর করেন। তবে পরদিন ৩০ জুন নবগঠিত অ্যাডহক কমিটি পৃথক সিদ্ধান্তে রেজুলেশনের মাধ্যমে সোহেল রানাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব দেয়। যদিও ওই রেজুলেশনে সদস্য সচিব (প্রধান শিক্ষক)-এর স্বাক্ষর থাকার কথা থাকলেও সেদিন কেবল নবগঠিত সভাপতির স্বাক্ষরযুক্ত রেজুলেশনই দেখাতে সক্ষম হন সোহেল রানা।

অ্যাডহক কমিটির সিদ্ধান্তের পর ৩০ জুন সোহেল রানা নিজের ফেসবুক অ্যাকাউন্টে নিজেকে বিদ্যালয়ের ‘ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক’ উল্লেখ করে একটি স্ট্যাটাস প্রকাশ করেন। এরপর থেকেই বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ বিষয়ে সোহেল রানা বলেন, তিনি নিয়ম অনুযায়ী দায়িত্ব পালন করছেন। বিষয়টি নিয়ে যে আলোচনা হচ্ছে, সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষই নেবে। পঞ্চগড় কমিউনিটি নিউজ (ইংরেজি) ফেসবুক পেজে প্রকাশিত ভিডিও প্রসঙ্গে তিনি দাবি করেন, সেটি সম্পাদিত। তার ভাষ্য, ভিডিওটি ২০২৫ সালের এবং তিনি পরীক্ষার খাতায় রোল ও রেজিস্ট্রেশন নম্বর মিলিয়ে দেখছিলেন। প্রতিপক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়াচ্ছে বলেও দাবি করেন তিনি।

অপরদিকে মামুনুর রশিদ বলেন, বিদায়ী প্রধান শিক্ষক লিখিতভাবে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন এবং সেই দায়িত্বপত্রের ভিত্তিতেই তিনি ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তার অভিযোগ, লিখিত দায়িত্ব থাকা সত্ত্বেও সোহেল রানা আগেভাগেই অবৈধভাবে রেজুলেশন তৈরি করে প্রধান শিক্ষকের চেয়ারে বসেছেন। তার দাবি, জোরপূর্বক প্রধান শিক্ষকের চেয়ার দখল করা হয়েছে।

বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আফরোজী বেগম জানান, জ্যেষ্ঠতার ভিত্তিতে সোহেল রানার দায়িত্ব পাওয়ার কথা থাকলেও তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ এবং কারণ দর্শানোর নোটিশ থাকায় তিনি বিধি অনুযায়ী পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক মামুনুর রশিদের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। পরে অ্যাডহক কমিটির অনুমোদনের বিষয়টি জানতে পারেন। তিনি আরও বলেন, অনুমোদিত অ্যাডহক কমিটিতে যে সূত্রের উল্লেখ করা হয়েছে, সেই সূত্র অনুযায়ী তার দায়িত্বকালে দিনাজপুর শিক্ষা বোর্ডে কোনো আবেদন পাঠানো হয়নি।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী বলেন, তাদের দপ্তরে সোহেল রানাকে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব প্রদানের চিঠি এসেছে। একই সঙ্গে সদ্য বিদায়ী ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ও মামুনুর রশিদের বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্তাধীন রয়েছে। ওএমআর শিট সংক্রান্ত ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সোহেল রানাকে শোকজ করা হয়েছে। তিনি এখনো ব্যাখ্যা না দিয়ে সময় চেয়েছেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা সুলতানা (অ.দা.) বলেন, তিনি সম্প্রতি অতিরিক্ত দায়িত্ব গ্রহণ করেছেন। দুই ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের বিষয়টি বিস্তারিত জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গুলশানে সাবেক ভূমিমন্ত্রীর দুই ফ্ল্যাটের নিয়ন্ত্রণ নিল দুদক

1

ফুলবাড়ীতে ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কা, যুবক নিহত

2

‘আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্রের কোনো মিল নেই’ — মির্জা ফখরুল

3

ফুলবাড়ীতে এনসিপি নেতার সংবাদ সম্মেলনের প্রতিবাদে ভুক্তভোগী প

4

পীরগঞ্জে হতদরিদ্রদের ৭ গরু ও নিমের চারা বিতরণ

5

ঠাকুরগাঁওয়ে ইত্যাদির শুটিংয়ে কী ঘটেছিল, জানালেন হানিফ সংকেত

6

শপথ নিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল

7

দেশে সারের সংকট নেই, মজুদ ১৩ লাখ টন: কৃষিমন্ত্রী

8

আন্দোলনের পর শিক্ষামন্ত্রীর পদত্যাগ, দায়িত্বে প্রহ্লাদ যোশী

9

কোনো সভ্য দেশে কূটনৈতিক স্থাপনায় এ ধরনের হামলা হতে পারে না

10

নাসীরুদ্দীন পাটওয়ারীকে কটাক্ষ, জামায়াত-এনসিপিকে নিশানা এ্যান

11

ফুলবাড়ীতে মাদ্রাসা, শিক্ষার্থী ও দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝ

12

আরও ১৪ সাংবাদিকের ব্যাংক হিসাবের তথ্য তলব

13

ছয় মাসের মধ্যে নির্বাচন এক কথায় অবাস্তব এবং অসম্ভব: সারজিস আ

14

বিসিসির সঙ্গে চুক্তি বাতিল করল নির্বাচন কমিশন

15

শক্তিশালী স্থানীয় সরকারই গণতন্ত্রের ভিত্তি: মির্জা ফখরুল

16

১২ পরীক্ষার্থীর বিপরীতে ১৩ শিক্ষক, পাস করল মাত্র একজন

17

সাংবাদিক মাহবুব আলম লাবলুকে হয়রানির নিন্দায় ডিআরইউ

18

সূচক বাড়লেও ডিএসইতে লেনদেন কমেছে

19

সাঁতার প্রতিযোগিতার সেরা নাফিসা সিনেমায় নায়িকাও, নায়কের তালি

20