ঠাকুরগাঁও সদর উপজেলায় চুলের খোঁপার ভেতরে ইয়াবা লুকিয়ে রেখেও শেষ রক্ষা হয়নি এক ভাই-বোনের। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ২২ পিস ইয়াবা ও মাদক বিক্রির ১৪ হাজার ৮০০ টাকাসহ তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ঠাকুরগাঁওয়ে চুলের খোঁপার ভেতরে কৌশলে ইয়াবা লুকিয়ে রাখার অভিযোগে রুবেল রানা (৩২) ও তাঁর বোন মোছা. বাবলি (২৬) নামে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (৬ নভেম্বর) রাতে ঠাকুরগাঁও সদর উপজেলার রোড এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই ভাই-বোনকে আটক করা হয়। পরে তাঁদের শরীরে তল্লাশি চালিয়ে ২২ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৪ হাজার ৮০০ টাকা উদ্ধার করা হয়। এ সময় বাবলির চুলের খোঁপার ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ইয়াবাও উদ্ধার করেন ডিবি পুলিশের সদস্যরা।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তার হওয়া রুবেল রানার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগে থেকেই ১১টি মামলা রয়েছে।
ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে সোপর্দ করা হবে।