আফগানিস্তানের কাছে প্রথম ম্যাচে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের চলতি আসরে প্রথম জয়ের দেখা পেয়েছে টাইগার যুবারা।
অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৪৫ রানে হারিয়েছে বাংলাদেশ। শনিবার (৭ নভেম্বর) ওমানের আল আমেরাতে অনুষ্ঠিত ম্যাচে ব্যাটে-বলে দাপট দেখিয়ে জয় তুলে নেয় বাংলাদেশের যুবারা।
টসের পর প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ৫০ ওভার শেষ হওয়ার দুই বল আগেই ২৪৫ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৮২ রান করেন আহসান আল মুমিন। এ ছাড়া এসকে জারিফ সিয়াম ৮৩ বলে ৫৯ রানের কার্যকর ইনিংস খেলেন। আব্দুল্লাহ আল মুহি করেন ৩০ রান।
শ্রীলঙ্কার হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন সেথমিকা সেনেরিরত্নে। তিনি চারটি উইকেট নেন। গিমহান মেন্ডিস তিনটি এবং কউশিকা কুমারাসিংহে দুটি উইকেট শিকার করেন।
জয়ের জন্য ২৪৬ রানের লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে শুরুতেই বিপাকে পড়ে শ্রীলঙ্কা। মাত্র ১৬ রানে প্রথম উইকেট হারানোর পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দলটি।
তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান সেনুজা ওয়েকুনাগদার। তাঁর ব্যাটিংয়ে জয়ের আশা বাঁচিয়ে রেখেছিল লঙ্কানরা। কিন্তু ৮৫ রান করে তিনি ফিরে গেলে ম্যাচ থেকে অনেকটাই ছিটকে পড়ে শ্রীলঙ্কা।
শেষ পর্যন্ত ৪৬.১ ওভারে ২০০ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। ফলে ৪৫ রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল।
বাংলাদেশের হয়ে বল হাতে দুটি করে উইকেট নেন রাফিউল আলম তামিম, শেখ আতিকুর রহমান, রুবাই ইসলাম রিজন ও রবিউল হাসান অনিক।
আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে পরাজয়ের পর এই জয়ের মাধ্যমে এশিয়া কাপের আসরে ঘুরে দাঁড়ানোর বার্তা দিল বাংলাদেশের যুবারা।